দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। চালের দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের চেয়ে চালের দাম এখন কেজিপ্রতি ২-৩ টাকা কম। তবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যারা ৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন, তারা এখন কিনছেন ১২০ টাকা দরে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কঁচু ৬০ টাকা এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর মগবাজার কাঁচা বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, 'বিগত কয়েক মাস ধরে সবজির দাম আসলেই অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেল, গত সপ্তাহে বেশির ভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে, আজ আবার সেটা বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে।'
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, 'বিগত চার মাস ধরে সবজির বাড়তি দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির দাম, কিন্তু এরপরই বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।
এদিকে, বাজারে ক্রেতারা পেঁয়াজের দামে সবচেয়ে বেশি অস্বস্তির কথা বলছেন।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র তথ্যও বলছে, এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
খিলগাঁও তালতলা বাজারে বিক্রেতা মনির হোসেন বলেন, 'চলতি মাসে নতুন পেঁয়াজের একটি বড় চালান বাজারে আসতে শুরু করবে। যা বাজারে পেঁয়াজের দামে ভূমিকা রাখবে। ফলে দাম কিছুটা বাড়লেও আর বাড়ার সুযোগ নেই, বরং কমছে এখন।'
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে বাজার ও মানভেদে বিক্রি হয়েছে মাত্র ৭০-৮০ টাকায়। সেই হিসেবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত।
রামপুরার মুদি ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, 'পাইকারি বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়েছে ১০৮-১১০ টাকা, যা গত বুধবারও একই ছিল। তবে সপ্তাহখানেক আগে পেঁয়াজের পাইকারি দাম ছিল মাত্র ৭২-৭৪ টাকা।'
বাজার ঘুরে দেখা গেছে, জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। দাম এর আগের সপ্তাহেও ১ টাকা করে কমেছিল। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজিপ্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে।
বাজারে শম্পা কাটারি কিংবা নাজিরশাইলের মতো ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি। এছাড়া, জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন জাতের সরু চাল বিক্রি হয়েছে ৭০-৭৬ টাকায়।
আরো পড়ুন: