আগামী সরকার নতুন পে-কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে: অর্থ উপদেষ্টা

আগামী সরকার নতুন পে-কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ২১:০৬

আপডেট: ৯ নভেম্বর, ২০২৫ ২১:০৯

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-কমিশন গঠনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে। আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে, ‘তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটাতে আমরা অত্যন্ত হ্যাপি।’ ঠিক আছে, যা যা করার তোমরা চেষ্টা করছো, করেছো।'

তিনি বলেন, 'ওদের কিছু কিছু সুপারিশ আছে- যেমন রাজস্ব আয় বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি। আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত (রেশিও) কম, এর অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর প্রায় দুই মাস বন্ধ ছিল। এর জন্য বিরাট প্রভাব পড়েছে। আমরা চেষ্টা করছি ঘাটতি কাটিয়ে উঠতে।

দ্বিতীয়ত, ওদের (আইএমএফ) আরেকটি পর্যবেক্ষণ হলো সামাজিক সুরক্ষার খাতে আরও বেশি ব্যয় করা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও খাদ্যখাতে। খাদ্যখাতে আমরা মোটামুটি ভালো করছি।'

‘আপনি কি আশাবাদী? নির্বাচনের তিন মাস বাকি, আপনি কি আইএমএফের পরবর্তী কিস্তি পাবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'অন্তর্বর্তী সরকারের আগে আমরা যা করেছি, সেটুকু কনসোলিডেট করব। সংস্কার শেষ করে ফেলা সম্ভব নয়; কোনো সংস্থার সংস্কার একদিনে শেষ হয় না। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। আমরা এটাকে সুন্দর ভাবে প্যাকেজ করে আগামী সরকারের কাছে হস্তান্তর করব- যাতে তারা বড় বড় সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারে।'

তিনি বলেন, 'আমি ট্যাক্স নিয়ে একটি কমিটি করেছি- আপনারা জানেন, কিছু স্বাধীন অর্থনীতিবিদকে নিয়ে। তারা কিছু সুপারিশ দেবে।'

অর্থ উপদেষ্টা বলেন, 'একটা পে-কমিশনের বিষয় আছে- এখনই এ নিয়ে কিছু বলা যাচ্ছে না। দেখা যাক কতদূর অগ্রগতি হয়। সম্ভবত আগামী সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

ব্যাংকখাত নিয়ে তিনি বলেন, 'আমাদের ব্যাংক খাতই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংক খাতে সংস্কার কাজ শুরু হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে করা হবে। এসব কাজ আগামী সরকারের জন্য রেখে যাচ্ছি।'

আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আমরা আগেই রাজি হয়েছি; এখন নতুন করে কিছু করার দরকার নেই। ওরা রিভিউ সম্পন্ন করবে, কারণ বলছে- তোমরা কাজগুলো করে যাচ্ছ, এখন একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু তা ধারণ করে, সেটাও দেখতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের সঙ্গে সঙ্গেই ওরা আবার রিভিউতে আসবে, তারপর সিদ্ধান্ত দেবে।'