ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ

ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ২০:০২

দেশের বাজারে লিটারপ্রতি ভোজ্যতেলের (সয়াবিন) দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সোমবার কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচের বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বাড়ার কারণে এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষ দিকে তেলের দাম আবারও বাড়তে পারে।

কমিশন জানায়, গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ০৩ অগাস্ট থেকে প্রতি লিটার সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানা অসংগতি, ডলারের মূল্য বাড়ার কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। 

নভেম্বরে শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনে খরচ পড়ে ১ হাজার ৬২ ডলার, পাম তেলে যা ১ হাজার ৩৭। ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার সুপারিশ করে সংস্থাটি।

সুপারিশে প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা দরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে। যেখানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার বদলে ৯ টাকা ২৭ পয়সা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৮ টাকা ২৭ পয়সা এবং ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে খোলা ১ লিটার সয়াবিন ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ১৪ শতাংশ।