একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৪ হাজার এক টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩ হাজার ৪১৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন: