একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২১:৪১

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ২১:৫১

দেশের বাজারে স্বর্ণের দাম আগের দিন কমিয়ে পরের দিনই বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

এবার স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে দুই লাখ নয় হাজার ৫২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭১ হাজার ৪২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিক ভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা।

এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ছয় হাজার ৯০৮ টাকা।