এবার সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকের পর রোববার ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা। পাশাপাশি প্রতি লিটার পাম তেলের মূল্য ১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা।
গত ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইবার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। এ জন্য ব্যবসায়ী সংগঠন এক প্রকার বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অনুমতি ছাড়াই প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা বিক্রির সিদ্ধান্ত নেয়। মোড়কে নতুন দাম সংবলিত করে বাজারে ছাড়া হয় তেল। ফলে ক্রেতার বাড়তি দামেই তেল কিনতে হয়।
সরকারকে না জানিয়েই আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পাশাপাশি ব্যবসায়ীদের শোকজও দেওয়া হয়।
আরো পড়ুন: