১৩ ব্যাংক থেকে আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার ক্রয়

১৩ ব্যাংক থেকে আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার ক্রয়
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩১

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহে সহায়তা দিতে ১৩টি ব্যাংক থেকে আরও প্রায় ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার (১৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার) কিনছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৯ টাকা থেকে ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ছিল ১২২ দশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর ১৬টি ব্যাংক থেকে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার (১৪৯ মিলিয়ন ডলার) কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তখন প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৫ টাকা থেকে ১২২ দশমিক ২৯ টাকা পর্যন্ত। আর কাট-অফ রেট ছিল ১২২ দশমিক ২৯ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে মোট ২৮০ কোটি ৪৫ লাখ (২ দশমিক ৮০ বিলিয়ন ডলার) ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'সোমবার ১৩টি ব্যাংক থেকে মোট প্রায় ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার (১৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার) কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৯ টাকা থেকে ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ছিল ১২২ দশমিক ৩০ টাকা।