স্বর্ণের দামে নতুন ইতিহাস

স্বর্ণের দামে নতুন ইতিহাস
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ২১:৪৮

আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের  দাম বেড়ে দুই লাখ ২২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) বাড়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের  দাম ছাড়িয়েছে ৪ হাজার ৪০০ ডলার।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৮৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

এদিকে, স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।