একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ২১:৪৭

আপডেট: ৫ জানুয়ারি, ২০২৬ ২২:২৮

২৪ ঘন্টার ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে  প্রায় দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা ছাড়িয়েছে।

সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা।

রোববার প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে প্রায় দুই লাখ ২৫ হাজার ৭০০ টাকায় উঠেছিলো।