পুরানো সব রেকর্ড ভাঙলো সোনা

পুরানো সব রেকর্ড ভাঙলো সোনা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ২১:৩১

আপডেট: ১২ জানুয়ারি, ২০২৬ ২২:০৩

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা হয়েছে। 

দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিক ভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৯৬৫ টাকা বাড়িয়ে দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।