আবারও নতুন উচ্চতায় সোনার দাম

আবারও নতুন উচ্চতায় সোনার দাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ২২:২৮

আপডেট: ১৯ জানুয়ারি, ২০২৬ ২২:৩২

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা হয়েছে। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে সোনার দাম।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার নতুন দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ৬২৫ টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।