দেশের বাজারে এক লাফে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এর মাধ্যমে ফের অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠলো মূল্যবান এ ধাতুটির দাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
এর আগে সোমবার ঘোষণা দিয়ে মঙ্গলবার থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৪ হাজার ১৯৯ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার নতুন দাম হয় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।
Tag:
আরো পড়ুন: