দেশের বাজারে বুধবার সোনার দাম বেড়ে রেকর্ড করেছিলো। কিন্তু রেকর্ডের পর দিনই (বৃহস্পতিবার) কমে গেল সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত কমেছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে স্থানীয় বাজারে দাম কমলেও বেড়েছে বৈশিক বাজারে। শুক্রবার থেকে দেশের বাজারে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
সোনার দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
অতীতের সব রেকর্ড ভেঙে বুধবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়।
Tag:
আরো পড়ুন: