কমার পর দিনই আবার দাম বেড়ে রেকর্ড গড়েছে স্বর্ণ। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে, ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৫৫ টাকা ছাড়িয়ে গেছে। যা দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস।
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)'র এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণর দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বেলা সোয়া ১২টা থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।
১২ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, 'বৃহস্পতিবার যখন আমরা বৈঠক করি, তখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ছিল। সেই প্রেক্ষাপটে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়। তবে এরপরই বিশ্ব বাজারে স্বর্ণের দাম দ্রুত ও ব্যাপক ভাবে বাড়তে শুরু করে। পরিবর্তিত পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে শুক্রবার জরুরি বৈঠকের মাধ্যমে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।'
তিনি বলেন, 'বাজুস শুধু স্বর্ণ বিক্রি করে না বরং কেনাবেচা উভয়ই করে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বার্থ রক্ষার্থে স্বর্ণের দাম বাড়িয়ে নতুন করে এই সমন্বয় করা হয়েছে।'
বৃহস্পতিবার প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।
Tag:
আরো পড়ুন: