একই দিনে ২ বার কমলো সোনার দাম

একই দিনে ২ বার কমলো সোনার দাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২০

একই দিনে সকালে একবার কমানোর পর আবারও কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪২৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বেলা পৌণে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমায় বাজুস। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৫১ হাজার টাকায়।

বিকেলের বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় পাঁচ হাজার ৪২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ১৯১ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় চার হাজার ৪৩৩ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ এক হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় তিন হাজার ৬৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা কমিয়ে ছয় হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৪৭ টাকা কমিয়ে পাঁচ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে তিন হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।