মূল্যস্ফীতি বাড়লো

মূল্যস্ফীতি বাড়লো
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩১

আপডেট: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৩

মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন বছর শুরু হলো। জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। 

খাদ্য খাত বিশেষ করে চাল, ডাল, মাছ, মুরগি,  ডিম, দুধ, সবজি, মাছ ও মাংসসহ নিত্যপণের দাম বাড়তি। এতে করে সাধারণ মানুষ, বিশেষত দেশের নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো।

গত বছরের ডিসেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এরও এক মাস আগে গত নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

জানুয়ারির ৮ দশমিক ৫৮ শতাংশ মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। মূল্যস্ফীতি বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

বিবিএসের হিসাব বলছে, জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৮১ শতাংশ। টানা চার মাস ধরে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতি।

বিবিএসের তথ্যানুসারে, গত ডিসেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, গত ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ এবং গত বছরের জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।