মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে লেনদেনের ওপর বিধিনিষেধ তুলে নেয়া হয়।
জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে গত রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে এসব সেবা সীমিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে টাকা পাঠাতে গিয়ে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন।
বাংলাদেশ ব্যাংক বিধিনিষেধ তুলে নেয়ায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা পূর্বের লিমিট অনযায়ী লেনদেন করছেন পারছেন। গত চার দিন বিধিনিষেধ চলাকালীন সময়ে এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার ১ হাজার টাকার বেশি লেনদেন করতে পারেনি। আর দিনে সর্বোচ্চ ১০ বারে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পেরেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ছিল এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা দৈনিক ১০টি।
তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।
আরো পড়ুন: