দেশের বাজারে সোনার দাম বাড়লো

দেশের বাজারে সোনার দাম বাড়লো
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৪

দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।