লাউয়াছড়া উদ্যানে ৩ দিনে রাজস্ব আয় প্রায় সাড়ে ৫ লাখ টাকা

লাউয়াছড়া উদ্যানে ৩ দিনে রাজস্ব আয় প্রায় সাড়ে ৫ লাখ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৬:২৩

আপডেট: ২৪ মার্চ, ২০২৬ ১৬:২৩

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের ব্যাপক সমাগম। টানা তিন দিনে হাজারো ভ্রমণপিপাসুর পদচারণায় মুখরিত হয়ে ওঠে দেশের অন্যতম জনপ্রিয় এই বনাঞ্চল। পর্যটকদের এ ঢলে সরকারের রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে।

উদ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদের দিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মোট ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা রাজস্ব আয় হয়েছে। এই সময়ে প্রায় ৪ হাজার ৭৪২ জন দেশি-বিদেশি পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেন।

দৈনিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ঈদের দিন (শনিবার) এক হাজার ৫২ জন পর্যটক বনে প্রবেশ করেন, এতে রাজস্ব আয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, ঈদের দ্বিতীয় দিন (রোববার) প্রায় এক হাজার ৯০০ জন পর্যটক বনে প্রবেশ করেন, এতে রাজস্ব আয় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা এবং ঈদের তৃতীয় দিন (সোমবার) এক হাজার ৭৯০ জন পর্যটক প্রবেশ করেন, এতে রাজস্ব আয় ২ লাখ ৪ হাজার ৪১২ টাকা।

বিশ্লেষকদের মতে, ঈদকেন্দ্রিক এই পর্যটন প্রবাহ স্থানীয় অর্থনীতিতেও গতি এনেছে। পরিবহন, হোটেল-রিসোর্ট, খাবারের দোকানসহ সংশ্লিষ্ট খাতগুলোতে বেড়েছে লেনদেন ও কর্মসংস্থানের সুযোগ।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী বলেন, 'অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি ছিল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনের পরিবেশ সুরক্ষায় বন বিভাগ, সহ-ব্যবস্থাপনা কমিটি ও ট্যুরিস্ট পুলিশের সমন্বিত তৎপরতা ছিল।'

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম জোরদার করা গেলে লাউয়াছড়া জাতীয় উদ্যান ভবিষ্যতে আরও বড় আকারে রাজস্ব আয়ের উৎস হিসেবে গড়ে উঠতে পারে।