শিল্পখাতের সংকট ও বিনিয়োগ চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

শিল্পখাতের সংকট ও বিনিয়োগ চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
শনিবার রাজধানীর তেজগাঁও এলাকায় নিজ কার্যালয়ে বাংলাদেশের ব্যবসায়ী মহলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ১৮:০২

বাংলাদেশের শিল্পখাতের বর্তমান অবস্থা এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন বিভিন্ন শিল্পখাতের প্রধান নির্বাহী, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।

বৈঠকে শিল্পখাতের প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলছে এমন বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং টেকসই শিল্পায়ন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে। এই লক্ষ্যে নীতি সহায়তা ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে।

এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম, যা সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে নিয়মিত সংলাপের সুযোগ তৈরি করবে। নীতিনির্ধারণ, বিনিয়োগ প্রণোদনা, শিল্পের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে এই কাউন্সিলের মাধ্যমে মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিল্পখাতে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান এবং শিল্পখাতকে আরও প্রতিযোগিতামূলক ও সহনশীল করে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই সংলাপকে দেশের শিল্প ও বিনিয়োগ খাতের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।