জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (এইএমএফ) কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
অর্থমন্ত্রী বলেন, 'আমি পরিষ্কার ভাষায় বলছি এটা, বরং দামও কিন্তু বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।'
তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কি না জানতে চাইলে তিনি বলেন, 'না... তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।'
আমির খসরু বলেন, 'আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?'
তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগন্য বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, 'এটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।'
Tag:
আরো পড়ুন: