আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:২৮

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:৩১

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন দেখা দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা।

চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা—সব মিলিয়ে স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় (GMT) ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬১.৩৩ ডলারে নেমে এসেছে। টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩.৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৬.৫০ ডলারে।

বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, হরমুজ প্রণালির দীর্ঘমেয়াদি বন্ধ থাকার ঝুঁকি থাকলে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে, যা স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, বর্তমানে স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে। এর উপরের সীমা প্রায় ৪ হাজার ৯০০ ডলার (৫০ দিনের গড়) এবং নিচের সীমা প্রায় ৪ হাজার ৬৪৫ ডলার (২০ দিনের গড়)।

তার ভাষায়, “বর্তমানে সবকিছুই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।”