পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে ইতিবাচক ধারা

পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে ইতিবাচক ধারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৪:৫৭

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে (১৯–২৩ এপ্রিল) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইর সব প্রধান সূচকে ইতিবাচক প্রবণতা ছিল। এর মধ্যে ডিএসইএক্স সূচক বেড়েছে ৪২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক শূন্য দশমিক ২১ পয়েন্ট।

লেনদেনেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা বেশি। দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১০ দশমিক ৩৩ শতাংশ বেশি।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টির দাম বেড়েছে, ১৬৮টির কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান দেখা গেছে। সিএএসপিআই ও সিএসসিএক্স সূচক যথাক্রমে শূন্য দশমিক ৪৭ শতাংশ ও শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

তবে সিএসইতে লেনদেন কমেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯৫ কোটি ৭০ লাখ টাকা কম।

সিএসইতে সপ্তাহজুড়ে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যার মধ্যে ১৩৮টির দাম বেড়েছে, ১৫১টির কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।