লভ্যাংশ না দেওয়ায় ১০ ব্যাংক ‘জেড’ তালিকায়

লভ্যাংশ না দেওয়ায় ১০ ব্যাংক ‘জেড’ তালিকায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৫:৫৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘জেড’ ক্যাটাগরি শেয়ারবাজারের সর্বনিম্ন স্তর, যেখানে দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলো অন্তর্ভুক্ত থাকে।

রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।

‘জেড’ ক্যাটাগরিতে নামা ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

ডিএসই জানায়, টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এসব ব্যাংকের ক্যাটাগরি অবনমন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো ঋণ সুবিধা পাবেন না, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল একই কারণে ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসিকেও ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়। ওই ব্যাংকগুলোর ক্ষেত্রেও ঋণ সুবিধা স্থগিত রাখা হয়েছে।