বিশ্ববাজারে সোনার দাম ৪,৬৭৮ ডলারে নেমেছে

বিশ্ববাজারে সোনার দাম ৪,৬৭৮ ডলারে নেমেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১২:৫১

বিশ্ববাজারে সোনার দামে আবারও পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় অগ্রগতির অভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার ওপর চাপ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ডলারের শক্তিশালী অবস্থানও সোনার দাম কমাতে ভূমিকা রেখেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্পট মার্কেটে সোনার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৭৮.৩৯ ডলারে দাঁড়ায়। জুন ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ০.৯ শতাংশ কমে ৪,৬৮৬.২০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও তেলের দাম বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে। সাধারণত এমন পরিস্থিতিতে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হলেও উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের জন্য এর আকর্ষণ কমিয়ে দিচ্ছে।

বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় অপরিশোধিত তেলের দাম আবারও বাড়ছে, যার প্রভাব সরাসরি সোনার বাজারে পড়ছে।

এদিকে ইরান ও লেবাননে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হয়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

বাজার বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সোনার দাম ৪,৪০০ থেকে ৪,৮০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

অন্যদিকে অন্যান্য ধাতব বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০.৬১ ডলারে উঠেছে। তবে প্লাটিনাম ০.৭ শতাংশ কমে ২,০৪১.৬৬ ডলার এবং প্যালাডিয়াম ০.৬ শতাংশ কমে ১,৪৮২.৪৬ ডলারে নেমেছে।