নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহারের উদ্যোগ সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৪:০১

আপডেট: ১১ মে, ২০২৬ ১৬:৫৭

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পুরো সাপ্লাই চেইন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ আরও কার্যকর করা যায়।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির ঈদকে সামনে রেখে এবার খাদ্যপণ্যের সরবরাহ প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছর যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে বিশেষ সময় ও উৎসবে টিসিবির ট্রাকসেল কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি প্রতি মাসে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রমও অব্যাহত থাকবে।

সরকারের উপকারভোগী তালিকা পর্যালোচনার বিষয়ে তিনি জানান, পূর্বের তালিকায় প্রায় ৫৯ লাখ ভুয়া বা প্রশ্নবিদ্ধ উপকারভোগী পাওয়া গেছে। পরে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন তালিকা তৈরি করে বর্তমানে উপকারভোগীর সংখ্যা ৮০ লাখে উন্নীত করা হয়েছে এবং আরও ২০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানিনির্ভর নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি রোধে সরকার কৌশলগত মজুত গড়ার পরিকল্পনা নিয়েছে। একইসঙ্গে পুরো সরবরাহ ব্যবস্থা এআইভিত্তিক পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ব্যবসা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে টিসিবির সঙ্গে অংশীদারিত্বভিত্তিক নতুন মডেল নিয়েও কাজ চলছে। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।