চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৪:২৭

আপডেট: ১৪ মে, ২০২৬ ১৮:১২

বাংলাদেশের পাট শিল্প ও সোলার প্রযুক্তি খাতে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, চীনা বিনিয়োগ বৃদ্ধি পেলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬-এর উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পাট ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। তিনি জানান, টেক্সটাইল খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহে চীন প্রস্তুত।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ৬০টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। এতে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, বিটুবি (ব্যবসায়িক) বৈঠক, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীতে টেক্সটাইল খাতের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। এটি আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।