বাজারে এলো নতুন ৫ টাকার নোট

বাজারে এলো নতুন ৫ টাকার নোট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৩:৪৭

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকার কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন নোটটি প্রচলনে আনা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ৫ টাকার নোটের ডিজাইন ও স্বাক্ষর করেছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। প্রথম পর্যায়ে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।

নতুন নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ-এর ছবি রয়েছে এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা যুক্ত করা হয়েছে। পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগার’ জলছাপ, উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং সরকারি মনোগ্রাম। এছাড়া নোটে ২ মিলিমিটার নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নোট চালু হলেও প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫ টাকার ‘স্পেসিমেন’ নোটও মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।