লিটারে ১৪ টাকা কমে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

লিটারে ১৪ টাকা কমে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৩:২৯

আপডেট: ২৪ মে, ২০২৬ ১৮:০৮

লিটারে প্রায় ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। বর্তমানে বাজারে যেখানে বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে টিসিবির মাধ্যমে প্রতি লিটার তেল মিলবে ১৮৫ টাকায়। ঈদের আগেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় দীর্ঘদিন ধরে টিসিবি ভর্তুকি মূল্যে চাল, ডাল ও নিত্যপণ্য বিক্রি করে আসছে। তবে এবার প্রথমবারের মতো নিজস্বভাবে আমদানি করা সয়াবিন তেল সরাসরি খোলাবাজারে বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ঈদের আগেই এই কার্যক্রম শুরু হতে পারে। প্রয়োজনে ঈদের পরও খোলাবাজারে বিক্রি কার্যক্রম চালু থাকবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এই উদ্যোগের আওতায় চিনি, ডাল, আটা ও মসলাসহ আরও নিত্যপণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাজারে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, ভর্তুকি ছাড়াই সরাসরি বাজারে প্রবেশের এই উদ্যোগ মজুতদারি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে বাজারে ভোজ্যতেলের নিয়ন্ত্রণ কয়েকটি বড় কোম্পানির হাতে থাকায় এর বাস্তব প্রভাব সময়ের সঙ্গে বোঝা যাবে।