ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ২২:৫১

পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকবে। সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে (রোববার) পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে এ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। 

রোববার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা। 

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিতে বন্দরের পণ্য পরিবহন, লোড-আনলোড ও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও সাময়িক ভাবে বন্ধ থাকবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, 'ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় রেখেই সেমাবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে (রোববার) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ভাবে অবহিত করা হয়েছে।'

তিনি বলেন, 'ছুটির এই সময়ে বন্দরে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ঈদের ছুটি শেষে আগামী ০১ জুন (সোমবার) থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফান মন্ডল বলেন, 'বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত ভাবেই যাতায়াত করতে পারবেন।'

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, 'ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতি থাকলেও আগামী ০১ জুন থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও চালু হবে।'

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, 'সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। আমদানিকারকরা প্রয়োজনীয় শুল্ক ও কর পরিশোধের মাধ্যমে পণ্য খালাস নিতে পারবেন।'