ডিএসইতে সূচক ও লেনদেনে বড় উত্থান

ডিএসইতে সূচক ও লেনদেনে বড় উত্থান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৫:৫৩

ঈদের ছুটির পর দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। টানা আট কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (৩ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে ডিএসইর সবকটি মূল্যসূচকই ঊর্ধ্বমুখী অবস্থায় দিন শেষ করেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, দিনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত এই প্রবণতা বজায় ছিল।

দিন শেষে ডিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে মোট ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ লেনদেন। ওইদিন ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে উত্থান দেখা গেছে। সিএএসপিআই সূচক ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। এদিন সেখানে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮ লাখ টাকা।