পদত্যাগ করলেন বিএসইসির চেয়ারম্যান

পদত্যাগ করলেন বিএসইসির চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১২:৪৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। প্রায় ২১ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কাজে মনোনিবেশের কথা জানিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসি সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজারের অস্থির সময়ে দায়িত্ব গ্রহণ করে কমিশন বাজার শৃঙ্খলা পুনর্গঠনে কাজ করেছে। দায়িত্বকালীন সময়ে আইনি কাঠামো সংস্কার ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, তার নেতৃত্বে গত ২১ মাসে মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র ও হুইসেলব্লোয়ার সংক্রান্ত পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স, অডিট ও করপোরেট পুনর্গঠন বিষয়ে তিনটি খসড়া বিধিমালা জনমতের জন্য প্রকাশ করা হয়।

এ ছাড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন’ এবং ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন’ এর খসড়া প্রণয়ন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, কমিশন বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করেছে এবং বাজারে অযাচিত হস্তক্ষেপ কমানোর চেষ্টা করেছে।

তিনি আরও দাবি করেন, বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, শিক্ষার্থী অংশগ্রহণে প্রতিযোগিতা এবং তৃণমূল পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পদত্যাগের ঘোষণায় তিনি বিএসইসি কর্মকর্তা-কর্মচারী, বাজার সংশ্লিষ্ট অংশীজন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।