বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতনামা করপোরেট ব্যক্তিত্ব ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ খান। একইসাথে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটিতে তিন নতুন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের চার বছরের জন্য নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সকালেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পাঁচ সদস্যের পুরো কমিশন অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
নতুন নিয়োগ পাওয়া তিন কমিশনার হলেন- ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান। অপর একটি কমিশনার পদ আপাতত শূন্য রাখা হয়েছে।
সুশাসন, ফিন্যান্স এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন ৭১ বছর বয়সী মাসুদ খানকে বিএসইসিতে যুক্ত করতে সম্প্রতি আইনি সংস্কার এনেছে সরকার। পূর্বে আইন অনুযায়ী- বিএসইসির চেয়ারম্যান পদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর থাকলেও গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল ২০২৬’ পাসের মাধ্যমে এই বয়সসীমা সম্পূর্ণ বাতিল করা হয়। যার ফলে এই প্রবীণ করপোরেট লিডারের বিএসইসি প্রধান হওয়ার পথ সুগম হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
মাসুদ খান বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ২০ বছর ফিন্যান্সের শীর্ষ পদে দায়িত্ব সামলেছেন। এছাড়া ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র স্বাধীন পরিচালক হিসেবেও তিনি যুক্ত আছেন।
আরো পড়ুন: