স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১১:১৫

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এর আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।