আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার প্রস্তাব দিলে রুশ কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে। উভয় পক্ষ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়া বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও একমত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় কম বলে উল্লেখ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ খাতে সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
এছাড়া প্রযুক্তি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রয়োগে রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে বলেও সম্মতি পাওয়া গেছে।
খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আরো পড়ুন: