বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বিকল্প জাতীয় বাজেট প্রস্তাব করেছে। ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার এ বাজেটে প্রশাসন, শিক্ষা-প্রযুক্তি, ঋণের সুদ পরিশোধসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ছায়া বাজেট প্রস্তাবনা তুলে ধরা হয়। বাজেট উপস্থাপন করেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।
জামায়াতের প্রস্তাব অনুযায়ী, জনপ্রশাসন খাতে ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ২৪ দশমিক ০৯ শতাংশ।
শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।
পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা, কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৪৫ হাজার ২২০ কোটি টাকা, প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আরো পড়ুন: