বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৯:১২

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ ও পাঁচ হাজার টাকা ভাতা।'

মঙ্গলবার সংসদ অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তার প্রশ্নে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ দানের কোনো প্রকল্প আছে কি না, তা জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, 'বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চলমান নেই। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করে আসছে।'

তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’ এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।'