জাতির প্রত্যাশা ও মানুষের কল্যাণকে সামনে রেখেই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) দেশের অর্থনীতির আগামী এক বছরের রূপরেখা তুলে ধরতে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের প্রতিটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপট আগের তুলনায় ভিন্ন। দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও বেড়েছে।
তিনি বলেন, জাতির ভবিষ্যৎ লক্ষ্য, মানুষের প্রয়োজন ও উন্নয়নের চিন্তাকে সামনে রেখেই বাজেট তৈরির চেষ্টা করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যতটুকু সক্ষমতা রয়েছে, তার মধ্যেই ভারসাম্য রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি দুর্বল ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে। এবারের বাজেটে সেই লক্ষ্য বাস্তবায়নের একটি প্রতিফলন থাকবে।
তিনি আরও বলেন, এই বাজেটের অন্যতম গুরুত্ব হলো দেশের সব নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা। উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যেও একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করাই বাজেটের অন্যতম উদ্দেশ্য। সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।
আরো পড়ুন: