আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১০:৪৫

টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।

শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার বিষয়টি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

এর আগে ২ জুন, ৬ জুন, ১০ জুন ও ১১ জুন—টানা চার দফায় সোনার দাম কমানো হয়েছিল। চার দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছিল মোট ১৯ হাজার ৭৭১ টাকা।

এদিকে সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।