ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৪:১৯

আস্থাহীনতা ও ব্যাপক আমানত প্রত্যাহারের চাপের মুখে তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সহায়তার মধ্যে ২ হাজার কোটি টাকা নগদ অর্থ হিসেবে দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে আরও ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়।

ব্যাংকটির চেয়ারম্যান পরিবর্তনকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হলে ব্যাপক আমানত উত্তোলন শুরু হয়। এক সপ্তাহে প্রায় ৫ হাজার কোটি টাকা তুলে নেন গ্রাহকরা বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দৈনন্দিন লেনদেন ও গ্রাহক চাহিদা পূরণে চাপ তৈরি হয়।

এর আগে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছিল। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে এই অর্থ সহায়তা দেওয়া হলো।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটির অভ্যন্তরে ও গ্রাহক পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। পরে ব্যাংকটির সামনে বিভিন্ন কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।