স্বর্ণের দামে বড় পতন, নেপথ্যে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক কারণ

স্বর্ণের দামে বড় পতন, নেপথ্যে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক কারণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৬:১০

বৈশ্বিক সংকটের সময় সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন বিনিয়োগকারীরা। তবে এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে—মধ্যপ্রাচ্যে উত্তেজনা চললেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে।

জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ৩০৩ ডলার। গত শুক্রবার (১২ জুন) তা নেমে আসে ৪ হাজার ২৩৫ ডলারে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মুদ্রাস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণ বাজারে চাপ তৈরি হয়েছে। সুদের হার কমার বদলে বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, স্বর্ণ কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। তাই সুদের হার বেশি থাকলে ডলার বা বন্ডের মতো আয়ভিত্তিক বিনিয়োগ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, যা স্বর্ণের চাহিদা কমিয়ে দেয়।

যুক্তরাষ্ট্রে চলমান উচ্চ মুদ্রাস্ফীতি এবং শ্রমবাজারের অস্থিরতার কারণে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাও কম বলে মনে করা হচ্ছে। এর প্রভাব সরাসরি স্বর্ণ বাজারে পড়ছে।

অপশনস্প্রেডার্স ডটকমের প্রধান বিশ্লেষক জাস্টিন কার্ডওয়েল বলেন, স্বর্ণ এমন একটি সম্পদ যা মূলত দামের বৃদ্ধির ওপর নির্ভর করে। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ আয় পাওয়া ডলারের দিকে ঝুঁকে যান।

নোবেল গোল্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কলিন প্লাম জানান, ডলার শক্তিশালী হলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। বর্তমানে ডলারের শক্ত অবস্থানও স্বর্ণের দামে পতনের একটি বড় কারণ।

বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে সুদের হার নীতি ও ডলারের অবস্থানই স্বর্ণ বাজারের গতিপথ নির্ধারণ করবে।