চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে দেশে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুনের প্রথম ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৮২ কোটি ৫৩ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চ মাসে এসেছিল সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।
চলতি বছরের এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারি প্রণোদনা এবং বিদেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: