বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার

বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১১:০২

আপডেট: ১৫ জুন, ২০২৬ ১১:০৪

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে।

এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার টাকার ওপরে। সোমবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে দেশেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং ডলারের মূল্য পরিবর্তনের কারণে দেশের স্বর্ণ ও রুপার বাজারে এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।