বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: শরীফুল আলম

বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: শরীফুল আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৩:৫৯

বাজারে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন।

তিনি বলেন, বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজসহ কিছু পণ্যের দাম কমেছে, তবে পোলাওয়ের চালসহ কিছু পণ্যের দাম সামান্য বেড়েছে বলে জানান ক্রেতারা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা যেন ন্যায্য মুনাফা গ্রহণ করেন, তবে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না। ভোক্তা স্বার্থ রক্ষায় সরকারের তদারকি অব্যাহত থাকবে।

এ সময় তিনি বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্রেতাদের কাছ থেকেও বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় থাকলে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।