রেকর্ডের পথে রেমিট্যান্স, এক বছরে প্রায় ১৯% প্রবৃদ্ধি

রেকর্ডের পথে রেমিট্যান্স, এক বছরে প্রায় ১৯% প্রবৃদ্ধি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৩:৩৭

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের ১৫ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬২৩ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।