দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের চূড়ান্ত বিক্রয়মূল্য ঘোষণা করেছে সংগঠনটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ৯ হাজার ১৩ টাকা কমেছে বলে জানিয়েছে বাজুস।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সেই দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করলে চূড়ান্ত মূল্য দাঁড়াত ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন ব্যবস্থায় আলাদাভাবে ভ্যাট যোগ না করে সরাসরি ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন ভ্যাট কাঠামোর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত ভ্যাট প্রস্তাব করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে স্বর্ণের দাম নির্ধারণে এই নতুন পদ্ধতি অনুসরণ করা হবে।
আরো পড়ুন: