২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ের আয়কর কাঠামোতে বৈষম্য বাড়তে পারে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাদের মতে, তুলনামূলকভাবে কম আয়ের করদাতাদের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত সংলাপে এ মূল্যায়ন তুলে ধরে সিপিডি।
সংস্থাটি জানায়, নতুন কর কাঠামোয় যাদের বার্ষিক করযোগ্য আয় ৬ থেকে ১৫ লাখ টাকা, তাদের করদায় ১২ দশমিক ৫ শতাংশ থেকে ১৬ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিপরীতে ৩০ লাখ টাকার বেশি আয় করা উচ্চ আয়ের করদাতাদের কর বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম থাকবে, যা প্রায় ৭ দশমিক ৬ শতাংশ।
সিপিডির মতে, এতে নিম্ন ও মধ্য আয়ের করদাতাদের ওপর চাপ বাড়বে এবং কর ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হবে। এটি সামাজিক ন্যায়বিচার ও সমতার পরিপন্থী বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সংলাপে বিভিন্ন গবেষক, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সিপিডি আরও জানায়, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে বাজেটে স্পষ্ট রূপরেখা নেই। পাশাপাশি শ্রম, প্রবাসী কল্যাণ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ স্থবির বা কমেছে বলেও উল্লেখ করা হয়।
সংস্থাটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানবসম্পদ উন্নয়ন এবং বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে।
আরো পড়ুন: