বাজুসের নতুন সিদ্ধান্তে কমলো স্বর্ণের দাম

বাজুসের নতুন সিদ্ধান্তে কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১১:১৩

দেশের বাজারে সোনার দাম বড় ধরনের কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণালংকারের দাম।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার প্রভাবেই দেশের বাজারে নতুন দাম সমন্বয় করা হয়েছে। এ বিষয়ে সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।