এনবিআরের নতুন সিদ্ধান্ত: অনলাইনেই দিতে হবে আয়কর রিটার্ন

এনবিআরের নতুন সিদ্ধান্ত: অনলাইনেই দিতে হবে আয়কর রিটার্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৪:৪৭

দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির করদাতাকে এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।

রোববার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এ নিয়মের বাইরে থাকবেন।

তবে এসব শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত করদাতাদের অবশ্যই www.etaxnbr.gov.bd ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে, তিনি কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন।

অনুমোদনের পর সংশ্লিষ্ট করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই নিরাপদে রিটার্ন দাখিল করতে পারবেন এবং প্রশাসনিক কার্যক্রমও আরও দ্রুত হবে।