জনগণের উদ্বেগের বিষয় উচ্চ মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

জনগণের উদ্বেগের বিষয় উচ্চ মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৯:৩৯

দেশে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি জনগণের কাছে একটি অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'আমাদের সরকার এ বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইকে আমরা কেবল একটি অর্থনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করছি।'

তিনি বলেন, 'আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প ও সেবাখাত এবং রপ্তানি ও প্রবাস আয়ে অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার ওপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো।'

আমির খসরু বলেন, 'মহান জাতীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধার বিষয়ে। এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক। কারণ জনগণ জানতে চায়- বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকর ভাবে মোকাবিলা করে আমরা কীভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি।'